মঙ্গলবার ২৮, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২৮, এপ্রিল ২০২৬ -- : -- --

রেকর্ড গড়ে কিউইদের হারাল বাংলাদেশ, সিরিজে ১-০ লিড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা, ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছিল তারা।

সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস।

প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৮২ রান। জবাবে ব্যাট করতে নেমে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারীর ঝড়ো ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

১৮৩ রানের লক্ষ্যে নেমে শুরুটা আক্রমণাত্মক হলেও ইনিংস বড় করতে পারেননি টপ অর্ডারের ব্যাটাররা। সাইফ হাসান ১৭, তানজিদ হাসান ২০ এবং লিটন দাস ২১ রান করে আউট হন।

এরপর চতুর্থ উইকেটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। তাদের ২৮ বলে ৫৭ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়। ইমন ১৪ বলে ২৮ রান করে বিদায় নেন।

শেষদিকে শামীম হোসেনকে সঙ্গে নিয়ে ২১ বলে অপরাজিত ৪৯ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হৃদয়। হৃদয় ২৭ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম ফিফটি। শামীম করেন ১৩ বলে ৩১ রান।

নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধি ২টি উইকেট নেন। এছাড়া নাথান স্মিথ ও জশ ক্লার্কসন একটি করে উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে কাটিন ক্লার্ক ও ডিন ক্লেভারের ৮৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। দুজনেই ৫১ রান করে আউট হন।

শেষদিকে অধিনায়ক নিক কেলির ৩৯ ও জশ ক্লার্কের ২৭ রানে ভর করে প্রতিযোগিতামূলক সংগ্রহ পায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ২টি উইকেট নেন। শরিফুল ইসলাম, তানজিম হাসান ও মেহেদী হাসান একটি করে উইকেট শিকার করেন।

Link copied!