প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী-কে সব ধরনের একাডেমিক দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিভাগীয় শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি এবং এ ঘটনায় ড. সুদীপের গ্রেফতারের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বিভাগটির চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগের ২০২৪ সনের এমএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বিভাগ শোকাহত। ঘটনার পর সংশ্লিষ্ট শিক্ষককে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে এবং মামলার প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগের সব ধরনের একাডেমিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় নিজ বাসা থেকে শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যা তদন্তের অংশ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
