মঙ্গলবার ২৮, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২৮, এপ্রিল ২০২৬ -- : -- --

জাবিপ্রবিতে শিক্ষকের কাছে উপাচার্যের একান্ত সচিব লাঞ্ছিত, থানায় জিডি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পিএম

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) উপাচার্যের একান্ত সচিবকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগের তীর সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদার দিকে। ভুক্তভোগী উপাচার্যের একান্ত সচিব মাহবুব আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকেলে প্রশাসনিক ভবনের সামনে উভয়কে উত্তেজিত অবস্থায় দেখা যায়। একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক মাহবুব আলমের মোবাইল ফোন কেড়ে নিয়ে তা ছাত্রদলের এক আহ্বায়কের হাতে দিয়ে ফোনটি যাচাই করতে বলেন।

তবে সংশ্লিষ্ট ব্যক্তি ফোনটি পরীক্ষা না করে পুনরায় ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেন। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।

এ বিষয়ে মাহবুব আলম বলেন, “প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। এখন প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনই নেবে।”

ঘটনার পরদিন থেকে অভিযুক্ত শিক্ষক ড. সৈয়দ নাজমুল হুদা ক্যাম্পাসে অনুপস্থিত রয়েছেন। তবে তার ছুটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার অবগত নন বলে জানা গেছে।

অভিযোগ প্রসঙ্গে ড. নাজমুল হুদা বলেন, “সে মোবাইল দিয়ে রেকর্ডিং করছিল। তখন আমি মোবাইলটি নেই এবং শাকিলকে বলি, ফোনটি রেখে একটু চেক করতে।”

ক্যাম্পাসে অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, “এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে জিজ্ঞেস করবে। উপাচার্য বিষয়টি জানেন।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, “তিনি ছুটির জন্য কোনো আবেদন করেননি। আমি তাকে আবেদন করতে বলেছি।”

এদিকে সিন্ডিকেট সদস্য ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শাহজালাল বলেন, “আমি বিষয়টি মীমাংসা করে দিয়েছিলাম। কোনো মারধর দেখিনি।”

 
 
Link copied!