প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ জাতীয় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
রোববার (২৬ এপ্রিল ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সৈয়দ আবদাল আহমদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন। এতে আরও বলা হয়, তার নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
এ বিষয়ে সৈয়দ আবদাল আহমদ জানান, তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, সৈয়দ আবদাল আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ১৯৮৪-৮৬ সেশনে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
