মঙ্গলবার ২৮, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২৮, এপ্রিল ২০২৬ -- : -- --

মিমোর মৃত্যুর বিচার দাবিতে ঢাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পিএম

মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন। এতে সংহতি জানিয়ে অংশ নেন বিভাগের কয়েকজন শিক্ষকও।

মানববন্ধনে শিক্ষার্থী আনিয়া আক্তার বলেন, বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও মানসিক নিপীড়নের পরিবেশ তৈরি হয়েছে, যার মর্মান্তিক পরিণতি মিমোর মৃত্যু। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা বলেন, বিভিন্ন বিভাগে যৌন নিপীড়ন প্রতিরোধ সেল থাকলেও সেগুলোর কার্যকারিতা নেই। তিনি এসব সেলে শিক্ষার্থী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানান এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে বিভাগ একাত্ম। ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, স্থায়ীভাবে চাকরিচ্যুতি, নির্যাতনের সংস্কৃতি বন্ধ, মিমোর পরিবারের জন্য আইনি সহায়তা, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ গমনে নিষেধাজ্ঞা।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা কলা ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করে উপাচার্য ও প্রক্টরের কাছে স্মারকলিপি দিতে যান।

Link copied!