প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম
বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আয়োজিত একদিনের বিনামূল্যের ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন কর্মসূচিতে ১ হাজার ১২টি প্রাণীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল ওয়েলফেয়ার ক্লাব (ভি ম্যাক) এবং গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। স্থানীয় খামারি ও পশুপালকদের গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজকেরা জানান, ক্যাম্পে সেবা পাওয়া প্রাণীর মধ্যে ছিল ২০টি ভেড়া, ৩৮টি ছাগল, ৮৮৭টি পোল্ট্রি, ৬৭টি গরু এবং ১৪টি কুকুর বিড়াল। কর্মসূচিতে অংশ নেওয়া খামারি ও পশুপালকেরা বিনামূল্যে এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ক্যাম্পে প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শও দেওয়া হয়। সেবা প্রদান করেন গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দ এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের চিকিৎসক ডা. রুহুল আমিন।
ভি ম্যাকের সাধারণ সম্পাদক মো. আনসারুজ্জামান সিয়াম বলেন, “সাধারণ মানুষের মাঝে প্রাণিসম্পদ ও পশুপাখির স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে এটি ভেটেরিনারি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ভি ম্যাকের সভাপতি তারেক জাহান বলেন, “খামারি ও পশুপালকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পশু-পাখির বিভিন্ন রোগবালাই সম্পর্কে জ্ঞানের পরিধি বিস্তৃত করাই ছিল কর্মসূচির প্রধান লক্ষ্য। সঠিক পরিচর্যা, নিয়মিত টিকাদান ও প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাবে অনেক খামারি আর্থিক ক্ষতির সম্মুখীন হন বলেও তিনি উল্লেখ করেন।”
গকসুর সাধারণ সম্পাদক রায়হান খান বলেন, “প্রাণিসম্পদের সুস্বাস্থ্য শুধু খামারির অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে নয়, বরং জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। এ ধরনের আয়োজন রোগ প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল দ্য এসিএমই ল্যাবরেটরিজ লিমিটেড, কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড এবং এফএনএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
