প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম
সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যের কালজয়ী নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার- এর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে সম্প্রতি ক্যাম্পাসের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আরমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এএফএম মোদাচ্ছের আলী এবং কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা আবৃত্তি, নাট্যাংশ, সংগীত এবং শেক্সপিয়ারের সাহিত্যকর্মভিত্তিক পরিবেশনা উপস্থাপন করেন। পরিবেশনাগুলো দর্শকদের মুগ্ধ করে এবং পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ।
এছাড়া আলোচনা পর্বে বক্তারা শেক্সপিয়ারের সাহিত্যকর্ম, নাট্যচর্চা এবং বিশ্বসাহিত্যে তাঁর অসামান্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, “শেক্সপিয়ারের সাহিত্য আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্যচর্চা মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অন্যান্য বক্তারা বলেন, শেক্সপিয়ারের সাহিত্য শুধু ইংরেজি সাহিত্যের সম্পদ নয়, বরং এটি বিশ্ব সভ্যতার এক অমূল্য ঐতিহ্য হিসেবে বিবেচিত।
