শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযানে গ্রেপ্তার ৩, উদ্ধার ২ শিশু

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযানে গ্রেপ্তার ৩। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাড়ি চুরির মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে পৃথক অভিযানে সাধারণ ডায়েরির ভিত্তিতে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোররাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পরিচালিত অভিযানে গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, পিপিএম এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন-এর দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান চালায়।

অভিযানে গাড়ি চুরির মামলার এজাহারভুক্ত মূল আসামি মো. শুক্কুর মিয়া পারভেজ (২০) কে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া একটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মামুন মিয়া (৩৮) এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত মো. জালাল উদ্দিন (৩৫) কে আটক করা হয়।

অন্যদিকে পৃথক অভিযানে জিডি মূলে নিখোঁজ দুই শিশু- জান্নাতুল কিফায়া সানজিদা (১৩) ও নুসরাত জাহান জুঁই (১৫) কে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক জানান গ্রেফতারকৃত আসামিদের মধ্যে নিয়মিত মামলার আসামীকে আদালতে চালান দেওয়া হয়েছে। পরোয়ানাভুক্ত আসামীকে পরোয়ানা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত আসামীকে সাজা কার্যকরের জন্য প্রেরণ করা হয়েছে।

উদ্ধারকৃত দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Link copied!