প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৬ পিএম
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাড. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের ইতিহাসে মানুষের ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগে প্রধানমন্ত্রী তাঁর দেওয়া কথা রেখেছেন। উনি বলেছিলেন ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবেন। আমরা প্রথম ক্যাবিনেট মিটিংয়ে প্রায় ১১ লক্ষ কৃষকের (যাদের ১০ হাজার পর্যন্ত ঋণ ছিল) দেড় হাজার কোটি টাকা কৃষি ঋণ মওকুফ করেছি।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই' শীর্ষক উন্নয়ন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট চালু করে প্রথম দিনেই ৩৮,০০০ ফ্যামিলি কার্ড ইস্যু করেছি। পর্যায়ক্রমিকভাবে আমরা ৪ কোটি ফ্যামিলি কার্ড ইস্যু করব। বাংলাদেশের প্রতিটি ফ্যামিলির জন্য ইতিমধ্যেই কৃষি কার্ডের উদ্বোধন করেছি।
তিনি আরও বলেন, আমরা ইমামদের জন্য বলেছিলাম মাসিক একটি ভাতার ব্যবস্থা করব। ঈদের আগে আমরা ইমাম, মোয়াজ্জিন, পুরোহিত, সেবক—এদের জন্য আমরা সেই ভাতার পাইলট প্রজেক্ট চালু করেছি।’
অনুষ্ঠানে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি এবং সিনিয়র সচিব (পিআরএল) ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো: আসাদুজ্জামান এমপি। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল ও শাখা ছাত্রদল, ছাত্রশিবিরের নেতাকর্মীসহ কর্মকর্তা-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
