তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পিএম
সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে বেরোবিসাসের কোষাধ্যক্ষ ও জাগো নিউজের প্রতিনিধি আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি কামরুজ্জামান পুলক এবং কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
বেরোবিসাসের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কামরুজ্জামান পুলক বলেন,"ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত হামলা ও হেনস্তা মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের এক নির্লজ্জ বহিঃপ্রকাশ। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এই হামলায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।"
বেরোবিসাসের সভাপতি আবু সাঈদ বলেন,"গত ২৩ এপ্রিল শাহবাগ থানা প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদল কর্তৃক যে হামলা চালানো হয়েছে, আমরা মনে করি তা শুধু সাংবাদিকদের ওপর আঘাত নয়—এটি স্বাধীন মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমকর্মী এবং গণমাধ্যমকে দমিয়ে রাখার অপচেষ্টা। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
তিনি আরও বলেন,"বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একইসঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।"