সোমবার ২৭, এপ্রিল ২০২৬

সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --

এডিপির সবুজ পাতায় উঠছে নোবিপ্রবির দুই বৃহৎ প্রকল্প

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে নতুন প্রকল্প অন্তর্ভুক্তির লক্ষ্যে আজ সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির গুরুত্বপূর্ণ সভা। সভায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুটি বহুল প্রত্যাশিত উন্নয়ন প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্তির জন্য উপস্থাপিত হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন জোরদারে ‘একাডেমিক ভবন-৪, স্টেম (STEM) এক্সিলেন্স হাব, আবাসিক হলসহ ভৌত সুবিধা সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৬৫ কোটি টাকা। প্রকল্পটির সম্ভাব্য বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত।

অন্যদিকে, নোবিপ্রবি ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ‘লবণাক্ততা ও আয়রণ দূরীকরণ কৌশল’ বিষয়ক আরেকটি প্রকল্পও এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়েছে। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৩৭ লাখ টাকা।

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য (সচিব) এস এম শাকিল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, আলোচনার পর প্রকল্প দুটি এডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

Link copied!