গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ এএম
সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয় (গবি)-এ ‘পেট হেলথ ও জুনোটিক রোগ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাব-এর উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত রোগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পোষা প্রাণীর নিয়মিত পরিচর্যা, টিকাদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।
ক্লাবটির উপদেষ্টা ডা. শাকীল মাহমুদ বলেন, “জুনোটিক রোগ প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং অনেক ক্ষেত্রে তা গুরুতর আকার ধারণ করে। বাংলাদেশে গৃহপালিত প্রাণীর সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সংস্পর্শ থাকায় ঝুঁকি বেশি। তাই সচেতনতা বৃদ্ধি সবচেয়ে কার্যকর উপায়।”
তিনি আরও বলেন, পোষা প্রাণীর নিয়মিত টিকাদান নিশ্চিত করা, প্রাণী স্পর্শের পর হাত ধোয়া এবং কাঁচা বা আধাসিদ্ধ খাবার পরিহার করা এ ধরনের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাবের সভাপতি ফারিয়া হক বর্ষা বলেন, “প্রাণী ও মানুষের স্বাস্থ্য একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সঠিক পরিচর্যা ও স্বাস্থ্যবিধি মেনে চললে অনেক সংক্রামক রোগ প্রতিরোধ সম্ভব।”
আয়োজকরা জানান, ভবিষ্যতে গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে ভেটেরিনারি সেবা প্রদান এবং ‘ওয়ান হেলথ’ ধারণা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।