জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম
সোমবার ২০, এপ্রিল ২০২৬ -- : -- --
ফাইল ফটো
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)-এর নাম, লোগো ও সুনাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত বেনামী ফেসবুক পেজ, গ্রুপ ও আইডির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে জানানো হয়, এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভ্রান্তিমূলক বা মানহানিকর তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন, বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অফিস আদেশে বলা হয়েছে, একটি অসাধু চক্র বেনামী পেজ ও আইডির মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সম্মানহানি করছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।
এমতাবস্থায়, যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নাম বা লোগো ব্যবহার করে কোনো পেজ বা গ্রুপ পরিচালনা করছেন, তাদের আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে লিখিতভাবে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম, ঠিকানা ও মোবাইল নম্বর জমা দিয়ে অনুমোদন গ্রহণ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অনুসরণ না করলে সংশ্লিষ্ট পেজ ও গ্রুপ শনাক্ত করে অপসারণ করা হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, শৃঙ্খলা ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে প্রশাসন।