সোমবার ২০, এপ্রিল ২০২৬

সোমবার ২০, এপ্রিল ২০২৬ -- : -- --

নোবিপ্রবির ভবন পরিদর্শনে বুয়েট বিশেষজ্ঞ দল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম

ভবনসমূহ পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একটি বিশেষজ্ঞ দল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর প্রশাসনিক ও একাডেমিক ভবনসমূহ পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একটি বিশেষজ্ঞ দল। রোববার (১৯ এপ্রিল ২০২৬) এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানাত।

পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা, নির্মাণমান এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বুয়েটের বিশেষজ্ঞ দল দ্বারা এ ধরনের কারিগরি মূল্যায়ন ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়ন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে।”

তিনি আরও জানান, বিশেষজ্ঞ দলের সুপারিশ অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবনগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ দীর্ঘমেয়াদে নিশ্চিত করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীবৃন্দ।

Link copied!