প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পিএম
রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এ অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ রিটেইল সম্মেলন ‘বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরাম-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কংগ্রেসের এবারের প্রতিপাদ্য ছিল “ট্রান্সফর্মিং রিটেইল থ্রু নলেজ”।
দিনব্যাপী এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় রিটেইলার, ব্র্যান্ড নেতৃত্ব, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ এবং বিপণন পেশাজীবীরা অংশ নেন। আলোচনায় উঠে আসে বাংলাদেশের রিটেইল খাতের পরিবর্তনশীল বাস্তবতা, যেখানে ডাটা-নির্ভর কৌশল, গ্রাহক আচরণ বিশ্লেষণ, প্রযুক্তি ব্যবহার এবং অপারেশনাল দক্ষতা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
উদ্বোধনী বক্তব্যে সাজিদ মাহবুব বলেন, “বর্তমান সময়ে রিটেইল খাতকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে জ্ঞানকে কার্যকর কাজে রূপান্তরের সক্ষমতা। পরিবর্তিত গ্রাহক চাহিদা বোঝা এবং দ্রুত অভিযোজনই ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণ করবে।”
কংগ্রেসে তিনটি কি-নোট সেশন, তিনটি প্যানেল আলোচনা এবং দুটি ইনসাইট সেশন অনুষ্ঠিত হয়। কি-নোট সেশনে বক্তব্য রাখেন আশরাফ বিন তাজ, শাদমান সাদিকিন এবং সামি আশরাফ। তারা ডিস্ট্রিবিউশন দক্ষতা, প্রযুক্তিনির্ভর রিটেইল এবং পরিবর্তিত ভোক্তা প্রত্যাশার সাথে খাপ খাওয়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যান্য আলোচনায় রিটেইল খাতের ভবিষ্যৎ প্রবণতা, ব্যবসায়িক লক্ষ্য ও মুনাফার ভারসাম্য, তৈরি পোশাক খাতের ভ্যালু চেইন এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ডাটা ও পার্সোনালাইজেশনের ব্যবহার গুরুত্ব পায়।
সম্মেলনে বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন ফারিয়া ইয়াসমিন, এমএইচএম ফাইরোজ, দীপেশ নাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
সম্মেলনের শেষভাগে বক্তারা জ্ঞানভিত্তিক কৌশলকে রিটেইল খাতের রূপান্তরের প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন এবং একটি টেকসই, প্রযুক্তিনির্ভর ও তথ্যসমৃদ্ধ রিটেইল ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
উল্লেখ্য, এই আয়োজনে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিজিএমইএ, নলেজ পার্টনার হিসেবে মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় প্রতিষ্ঠান সহযোগিতা প্রদান করে।
