প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিকসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শাখা ছাত্রশিবির।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের স্বরণ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নিয়ে চবি শিবিরের শিক্ষা সম্পাদক সদরুজ্জামান মুজাহিদ বলেন, জোবরা এলাকার কিছু সন্ত্রাসীর হাতে শিক্ষার্থী ও সাংবাদিকরা বারবার হামলার শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, হামলার ঘটনায় আসামিদের আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
শাখা শিবিরের প্রচার সম্পাদক ও চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, অতীতে একই এলাকায় একাধিকবার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে তিনি বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং জোবরা এলাকায় সক্রিয় সন্ত্রাসী সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
চবি শাখা শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়। তিনি অভিযোগ করেন, স্থানীয় একটি চক্র মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকসহ চার শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার পর ভুক্তভোগীরা হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
