শনিবার ১৮, এপ্রিল ২০২৬

শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --

গোবিপ্রবিতে ভিসির পদত্যাগ দাবিতে বামপন্থী শিক্ষার্থীদের মানববন্ধন

আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম

প্রশাসনিক ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য এবং উপাচার্যের ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বামপন্থী শিক্ষার্থীরা।

শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হলেও পরে তা সংক্ষিপ্ত মানববন্ধনে রূপ নেয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর ‘সার্চলাইট’ অনুষ্ঠানে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগগুলোর দ্রুত তদন্ত এবং সত্য প্রমাণিত হলে বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে আসছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা প্রশাসনের ব্যর্থতার কারণে শিক্ষা ও উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বামপন্থী সংগঠন ছাত্রগণমঞ্চের নেতা নিঘাদ রোদ্র বলেন,

“চ্যানেল-২৪ এর অনুসন্ধানের রিপোর্ট অনুযায়ী শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। আমরা বলতে চাই একাধিকবার দুর্নীতির তথ্য সামনে এসেছে। অপর পক্ষ থেকেও তার উত্তর দেওয়া হয়েছে। একপক্ষ দুর্নীতির অভিযোগ করে অপরপক্ষ এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এরকম বিভিন্ন পক্ষের মধ্যে পরে ছাত্রদের অবস্থা দুর্দশাগ্রস্ত। আমার ডিপার্টমেন্ট ৫ শিক্ষক দিয়ে ডিপার্টমেন্ট চালাতে হচ্ছে এবং কোনো ল্যাব সহকারী নাই। সারাদিন শিক্ষকের ৫-৬ কোর্সের ক্লাস নেওয়া লাগে,যা তাদের জন্য জুলুম। প্রত্যকটা ডিপার্টমেন্টে শিক্ষক সংকট ফলে প্রতিফলন ঘটে শিক্ষার মানে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়ে আছে, যার দায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।”

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আল্টিমেটাম দেন।

Link copied!