প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৫ম বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রসায়ন বিভাগের চেয়ারপার্সন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ ধন্যবাদ জ্ঞাপন করেন। সঞ্চালনায় ছিলেন বিভাগের অধ্যাপক ড. ফারহানা খানম ফেরদৌসী ও সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, রসায়ন বিভাগ বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বনামধন্য ও গুরুত্বপূর্ণ বিভাগ। বিভাগের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে অ্যালামনাইদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ক জোরদার এবং ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে দক্ষতা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দেন। তিনি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়-কে আরও এগিয়ে নিতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সম্পর্ক জোরদারের আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করতে একাডেমিক তথ্য-উপাত্ত অনলাইনে হালনাগাদ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভাগের ছয়জন খ্যাতিমান অ্যালামনাইকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন— মো. মনিরুল হক চৌধুরী এমপি, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ এম শফিকুল আলম, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফরিদা আখতার, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আলতাফ হোসাইন, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নিশাত আহমেদ পাশা এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহতাবুদ্দিন আহমেদ।
