নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম
মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-তে বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। নিয়মিত খেলাধুৃলা শিক্ষার্থীদের সুস্থ রাখার পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধুমাত্র একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে একজন শিক্ষার্থী পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ীদের অভিনন্দন জানান উপাচার্য।
নোবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ রুহুল কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, খেলোয়াড়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ২৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন ইভেন্টে অংশ নেন।
শেষে প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য।