শনিবার ১৮, এপ্রিল ২০২৬

শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --

বেগম জিয়ার ছবি সম্বলিত ব্যানার অবমাননার অভিযোগে প্রতিবাদ ইবি জিয়া পরিষদের

ইবি থেকে বিপ্লব হোসেন

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম

ফাইল ফটো

বেগম খালেদা জিয়ার ছবি ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে উদ্বেগ, ক্ষোভ, তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ। শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত  এক যৌথ বিবৃতিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

বিবৃতিতে বলা হয়, গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে কতিপয় ছাত্র নামধারী দুষ্কৃতিকারীদের দ্বারা সদ্য প্রয়াত এদেশের মানুষের প্রাণপ্রিয় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ছিন্ন করে পদদলনের মাধ্যমে অবমাননার ঘটনায় আমরা গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছি।

জাতীয় পতাকা আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক। একইসঙ্গে দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করা শুধু ব্যক্তির প্রতি নয়, বরং রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কৃতির ওপর আঘাত। এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে তারা জানান, যারা এ ধরনের ঘৃণ্য কাজে জড়িত, তারা প্রকৃত ছাত্র হতে পারে না। তারা উদ্দেশ্যপ্রণোদিত উত্তেজনা সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, সোশ্যাল মিডিয়ায় একটি পক্ষ মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের নানা পর্যায়ে দায়িত্বরত সম্মানিতদের নামে নানা অশালীন মন্তব্য ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে সরকারি দায়িত্বশীল পদাধিকারীদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ নীরবতা আমাদের ব্যথিত করেছে।

উল্লেখ্য, গত বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিহত আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবনে অবরুদ্ধ কর্মসূচি পালনকালে বেশ কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলেন। তন্মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবি সম্বলিত বিএনপিপন্থী শিক্ষক ও ছাত্রসংগঠন গুলোর ব্যানার ছিল।

Link copied!