প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম
মোঃ শিহাব উদ্দিন । গোপালগঞ্জ
কোটালীপাড়া উপজেলায় একটি বেসরকারি ক্লিনিককে কেন্দ্র করে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি ক্লিনিকে যৌথভাবে ব্যবসা পরিচালনা করেন তরুণীর বাবা ও অভিযুক্ত যুবকের মা। ওই ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন তরুণী বর্ণা (ছদ্মনাম)। সেই সূত্রে ক্লিনিকে আসা-যাওয়ার মাধ্যমে সজল বালা (ছদ্মনাম)-এর সঙ্গে তার পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ রয়েছে, ক্লিনিকের একটি কক্ষে তারা নিয়মিত সময় কাটাতেন। পরবর্তীতে বর্ণা বিয়ের দাবি জানালে সজল নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। একপর্যায়ে তিনি বর্ণাকে নিজের বাড়িতে গিয়ে অনশনে বসার পরামর্শ দিয়ে সেখান থেকে সরে পড়েন বলে অভিযোগ উঠেছে।
বর্তমানে বর্ণা অভিযুক্তের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন বলে জানা গেছে। দাবি আদায় না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।
এ বিষয়ে সজল বালার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের মতে, দ্রুত বিষয়টির সমাধান না হলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।
