মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

গোপালগঞ্জে শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা

আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম

ফাইল ফটো

গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে টেকনিক্যাল শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দিনব্যাপী চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্পের অর্থায়নে প্রতিষ্ঠান চত্বরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে কলেজের সভাকক্ষে আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল হক।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ সেলিম মৃধা এবং ঢাকার দোহারের জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আইয়ুবুর রহমান। এ সময় শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে জেলা প্রশাসক ফিতা কেটে চাকরি মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলায় অংশ নেওয়া ১১টি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। একইসঙ্গে চাকরিপ্রত্যাশী গ্রাজুয়েট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল হক বলেন, দেশে বেকারত্ব কমাতে বিদেশি দাতা সংস্থার সহযোগিতায় এসেট প্রকল্পের আওতায় এ মেলা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের সিভি সংগ্রহ করছে এবং দক্ষতা যাচাইয়ের মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টি করবে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!