মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬

মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬ -- : -- --

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এ সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন,অলিম্পিক পতাকা উত্তোলন,বেলুন ও ফেস্টুন উড়ানো এবং শপথ গ্রহণসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

এবারের প্রতিযোগিতায় ৭৯টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করবেন। আগামী ২০ এপ্রিল পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম অপরিহার্য।” তিনি আরও বলেন, খেলাধুলা শৃঙ্খলা, ধৈর্য্য ও নেতৃত্বের গুণাবলী গড়ে তোলে, যা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জয়-পরাজয়ের চেয়ে অংশগ্রহণকেই বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ওমর ফারুকসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রায়হান রাকিব। বিচারকদের পক্ষে শপথ পাঠ করেন প্রভাষক ফাতেমা তুজ জোহরা মুক্তা ও সহকারী পরিচালক অমিতাভ সরকার এবং খেলোয়াড়দের পক্ষে শপথ পাঠ করেন বাংলাদেশের সতেরো বারের দ্রুততম মানবী শিরিন আক্তার ও শিক্ষার্থী সৌরভ বিশ্বাস।

Link copied!