শনিবার ১৮, এপ্রিল ২০২৬

শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --

খুবিতে পদোন্নতিতে চালু হলো ‘দক্ষতা উন্নয়ন পরীক্ষা’

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম

খুলনা বিশ্ববিদ্যালয়-এ কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে। জ্যেষ্ঠতার পাশাপাশি মেধা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতি দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘দক্ষতা উন্নয়ন পরীক্ষা’।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসসি)-এর উদ্যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় লিখিত, পদ-সংশ্লিষ্ট ব্যবহারিক এবং কম্পিউটার টাইপিং—এই তিন ধাপে প্রার্থীদের দক্ষতা মূল্যায়ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষায় উত্তীর্ণদের বোর্ডের সুপারিশের ভিত্তিতে পদোন্নতি বা আপগ্রেডেশন দেওয়া হবে। দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেখানে দীর্ঘদিন ধরে পদোন্নতি মূলত জ্যেষ্ঠতার ভিত্তিতে হয়ে আসছে, সেখানে খুবির এই উদ্যোগ প্রশাসনিক ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে এবং দক্ষতা উন্নয়নে আগ্রহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং আইকিউএসসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপাচার্য বলেন, “এটি একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। আমরা চাই, কর্মকর্তা-কর্মচারীরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন। এই পরীক্ষার মাধ্যমে যোগ্য ও মেধাবীরা যথাযথ স্বীকৃতি পাবেন।”

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের মূল্যায়ন পদ্ধতি চালু হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি পাবে এবং সেবার মানও উন্নত হবে।

Link copied!