প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০২:২২ পিএম
রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে একটি অটোরিক্সা চুরির ঘটনায় জড়িত ব্যক্তিসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এবং পরবর্তী সময়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রাম থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা চুরি করে পালানোর সময় সুমন মন্ডল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর (বড় ছয়ঘটি) গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র। স্থানীয় জনগণ ও পুলিশের যৌথ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে চোরাই অটোরিক্সাটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মো. ইব্রাহিম হোসেন বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ১২(৪)২০২৬, ধারা ৪৫৭/৩৮০/৩৪ পেনাল কোড)।
এছাড়া, চকছাতারী গ্রামের ইসলাম হোসেনের পুত্র রবিউল ইসলাম (৩৫) কে একটি সড়ক দুর্ঘটনা মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, পাকুড়িয়া গ্রামের বাসিন্দা সলিম ইসলাম (৩০) ও নবাব আলী (৪৫) কে মারামারি সংক্রান্ত মামলার গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, “গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাঘা থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে অপরাধীদের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।”
