ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম
শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --
অধ্যাপক ড. ইয়ারুল কবির। ছবি ক্যাম্পাস রিপোর্ট
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর পঞ্চম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন অধ্যাপক ড. ইয়ারুল কবির। যোগদানের সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এলে তিনি তা গ্রহণ না করে সবার কাছে দোয়া কামনা করেন।
বুধবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
যোগদানের পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, রেজিস্ট্রার কাজী মো. জালালুদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিজ বক্তব্যে নবনিযুক্ত উপাচার্য বলেন, যবিপ্রবি শিক্ষা ও গবেষণায় ইতোমধ্যে অনেক এগিয়েছে। এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাব পেলেও যবিপ্রবিই ছিল তাঁর প্রথম পছন্দ।
যোগদানের আনুষ্ঠানিকতা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ‘জিয়া ট্রি’ কর্মসূচির আদলে তিনি একটি নিম গাছ রোপণ করেন।
অধ্যাপক ড. ইয়ারুল কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।