হবিগন্জ কৃষি বিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পিএম
শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --
ফাইল ফটো
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিরাজ করে উৎসবের আমেজ। সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের উপস্থিতিতে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা। প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী উপাদান—পাপেট, মুখোশ, আলপনা ও দেশীয় বাদ্যযন্ত্র বিশেষভাবে স্থান পায়, যা বাঙালির ঐতিহ্যকে তুলে ধরে। এবারের প্রতিপাদ্য ছিল “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার”, যার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।
শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ১০টায় উপাচার্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক চেতনার প্রতীক। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, সংস্কৃতিবোধ এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য।
পরে তিনি শিক্ষার্থীদের আয়োজিত বিভিন্ন বৈশাখী স্টল পরিদর্শন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। পহেলা বৈশাখ উপলক্ষে পুরো ক্যাম্পাসকে বর্ণিল সাজে সজ্জিত করা হয় এবং উৎসবস্থল সকলের জন্য উন্মুক্ত রাখা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের চেতনা জাগ্রত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।