মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

এক বছরে বিসিএস শেষ করার প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিয়োগপ্রক্রিয়ায় গতি আনার নতুন অঙ্গীকার ব্যক্ত করেছে। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনে আয়োজিত অনুষ্ঠানে এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এই লক্ষ্য বাস্তবায়নের পথে পুলিশ ভেরিফিকেশনের দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা এবং আর্থিক সীমাবদ্ধতা বড় বাধা হিসেবে কাজ করছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সকালে পিএসসি প্রাঙ্গণে মৃত্যুঞ্জয়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে মাল্টিপারপাস হলে কমিশনের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন,
‘একটি বিসিএস পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া এক বছরের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, নিয়োগপ্রক্রিয়াকে আধুনিক ও দ্রুততর করার মাধ্যমে মেধাবী তরুণদের রাষ্ট্রীয় সেবায় দ্রুত অন্তর্ভুক্ত করা জরুরি। বর্তমান কমিশনের মেয়াদে প্রশ্নফাঁসের ঘটনা না ঘটায় সন্তোষও প্রকাশ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক প্রশাসন ক্যাডারের পাশাপাশি টেকনিক্যাল ও প্রফেশনাল ক্যাডারে মেধাবীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সভাপতির বক্তব্যে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানান, এক বছরের মধ্যে বিসিএস সম্পন্ন করার একটি সুস্পষ্ট রোডম্যাপ নিয়ে কাজ করছে কমিশন। তবে এই লক্ষ্য অর্জনে প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

তিনি বলেন,
‘পিএসসির কাজের সঙ্গে অর্থের সরাসরি সম্পর্ক থাকায় দ্রুত কাজ সম্পন্ন করার জন্য আর্থিক স্বাধীনতা জরুরি।’

নিয়োগপ্রক্রিয়ার বিলম্ব প্রসঙ্গে তিনি বিশেষভাবে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ার দীর্ঘ সময় লাগার বিষয়টি উল্লেখ করেন। বর্তমানে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পন্ন হওয়ায় পুরো নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।

মোবাশ্বের মোনেম বলেন,
‘এক বছরের মধ্যে বিসিএসের সুফল পেতে হলে ভেরিফিকেশনের সময় কমিয়ে আনা অপরিহার্য।’

অনুষ্ঠানের শুরুতে পিএসসি সচিবালয়ের সচিব সানোয়ার জাহান ভূঁইয়া স্বাগত বক্তব্য দেন। এতে কমিশনের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পিএসসির এই উদ্যোগ বাস্তবায়িত হলে নিয়োগপ্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন |

Link copied!