প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ১১:১৭ এএম
কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ভবন নির্মিত হলে জেলার ব্যবসায়ীদের জন্য উন্নত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য আবদুল আজিজ এবং কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব।
এ সময় কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন সুপার মার্কেট ভবন নির্মিত হলে ব্যবসায়ীরা আধুনিক ও নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন। একই সঙ্গে জেলার বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
