প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) একাধিক স্থায়ী শূন্য পদে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। রাজস্ব খাতভুক্ত এসব পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ মে ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে মোট ২৫টি পদে নিয়োগের কথা বলা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পদে ৩ জন, সহকারী পরিচালক/অ্যাক্রেডিটেশন অফিসার পদে ৯ জন এবং অন্যান্য বিভিন্ন গ্রেডে জনবল নেওয়া হবে।
সহকারী প্রোগ্রামার, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, গাড়িচালক ও অফিস সহায়ক পদেও নিয়োগ দেওয়া হবে। বেতন কাঠামো নবম গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী উপপরিচালক পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। অন্য পদগুলোর ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে জমা দিতে হবে।
আবেদনের ক্ষেত্রে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। কোনো প্রার্থী যদি উচ্চতর যোগ্যতা গোপন করে নিম্নতর যোগ্যতা উল্লেখ করেন, তবে তা নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য হিসেবে বিবেচিত হবে।
বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর ঠিকানা উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের অঙ্গীকার থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
পদভেদে আবেদন ফি ভিন্ন নির্ধারণ করা হয়েছে। প্রথম তিনটি পদের জন্য মোট ২২৩ টাকা, চতুর্থ পদের জন্য ১৬৮ টাকা, পঞ্চম থেকে সপ্তম পদের জন্য ১১২ টাকা এবং অষ্টম পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সব পদের ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা নির্ধারিত। আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ/ডিএ প্রদান করা হবে না। এছাড়া কোটাভুক্ত প্রার্থীদের আবেদনপত্রে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে; পরবর্তীতে নতুন করে দাবি গ্রহণযোগ্য হবে না।
