মঙ্গলবার ০৭, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ০৭, এপ্রিল ২০২৬ -- : -- --

জোড়াতালিতে চলছে ডিআইইউর বাস সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বাস সার্ভিস চালু থাকলেও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিবহন ব্যবস্থা বর্তমানে জোড়াতালির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৫টি বাস ও ৫টি মাইক্রোবাস থাকা সত্ত্বেও নিয়মিতভাবে ভাড়া করা যানবাহনের ওপর নির্ভর করে সার্ভিস পরিচালনা করা হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসে নিয়মিতভাবে বিভিন্ন পরিবহন ও শিক্ষা প্রতিষ্ঠানের বাস ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে দেওয়ান, শিকড়, অছিম ও বিহঙ্গ পরিবহনের বাস ছাড়াও ইউআইটিএস এবং আমিরজান স্কুল এন্ড কলেজ-এর বাসও ভাড়া করে চলাচল করতে দেখা গেছে।

নির্ধারিত রুট সীমিত হওয়া সত্ত্বেও সেই রুটে নিয়মিত ও মানসম্মত সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। নিজস্ব যান থাকা সত্ত্বেও কেন ভাড়া করা বাস ব্যবহার করা হচ্ছে-এ প্রশ্ন এখন শিক্ষার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রে।

শিক্ষার্থীদের মতে, পরিকল্পনার ঘাটতি ও যথাযথ ব্যবস্থাপনার অভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক শিক্ষার্থী বলেন, “নিজস্ব বাস থাকা সত্ত্বেও অন্য প্রতিষ্ঠান থেকে বাস ভাড়া নেওয়া অপ্রত্যাশিত এবং এটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।”

নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আসন ব্যবস্থা থাকলেও বাস্তবে তা কার্যকর নয় বলেও অভিযোগ উঠেছে। নির্ধারিত আসনে পুরুষ শিক্ষার্থীরা বসে পড়ায় অনেক নারী শিক্ষার্থীকে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়।

এদিকে শিক্ষার্থীরা অন্য শিক্ষা প্রতিষ্ঠান বা পরিবহন কোম্পানির বাস ব্যবহারকে অস্বস্তিকর ও মানহীন বলে মনে করছেন। তাদের ভাষ্য, এটি বিশ্ববিদ্যালয়ের সক্ষমতার সঙ্গেও সাংঘর্ষিক। পাশাপাশি অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের বাস ঢাকার বাইরে সাভারসহ বিভিন্ন এলাকায় চলাচল করায় শিক্ষার্থীদের জন্য বাস সংকট আরও প্রকট হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান,জ্বালানি তেলের সংকট ও সরবরাহজনিত সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস নিয়মিত চালানো যাচ্ছে না। ফলে শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে বাইরে থেকে বাস ভাড়া করা হচ্ছে। সাভারে দেখা যাওয়া বাসটি মেরামতের জন্য নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

তবে শিক্ষার্থীরা এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাদের অভিযোগ, ভাড়া করা বাসের ওপর নির্ভরতা নতুন নয়,বরং দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলে আসছে।

ক্যাম্পাস থেকে নতুন বাজার রুটে যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘ সময় অপেক্ষা, ক্লাস শেষে বাস সংকট-এসব কারণে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক ভোগান্তিতে পড়ছেন বলে জানিয়েছেন।

এছাড়া, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী শিক্ষার্থীদের ১১ দফা দাবির মধ্যে ঢাকার অভ্যন্তরে ট্রান্সপোর্ট সেবা চালুর বিষয়টি থাকলেও এখনো তার বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন,বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিকল্প ব্যবস্থা হিসেবে বাস ভাড়া করে সার্ভিস চালু রাখা হয়েছে। তিনি জানান, পরিবহন খাতকে শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে বাসের সংখ্যা বৃদ্ধি, রুট সম্প্রসারণ ও সেবার মানোন্নয়নে কাজ চলছে।

Link copied!