প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর আবাসিক শিক্ষার্থীদের জন্য হোস্টেল ব্যবস্থাপনা নিয়মিতভাবে পরিচালিত হলেও জরুরি রক্ষণাবেক্ষণ কাজে ধীরগতির অভিযোগ উঠেছে। সমন্বয় ঘাটতি ও প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতায় শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির দুটি ছাত্র হোস্টেল ও একটি ছাত্রী হোস্টেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। তবে বাস্তবে জরুরি সমস্যাগুলোর দ্রুত সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্র হোস্টেলের বর্ধিত ভবনে স্থাপিত পানির ফিল্টার দীর্ঘদিন অচল থাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। বিষয়টি সমাধানে বিলম্ব হওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েন। পরে দেরিতে হলেও ফিল্টারটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে মূল ভবনের নিচতলার পানির ফিল্টারটিও গত এক সপ্তাহ ধরে বিকল রয়েছে। এ বিষয়ে নিটার সাংবাদিক সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এ সমস্যার বিষয়ে তারা অবগত নন এবং তাদের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে শিক্ষার্থীদের দাবি, তারা এক সপ্তাহ আগেই মৌখিকভাবে বিষয়টি জানিয়েছিলেন।
শিক্ষার্থীরা মনে করছেন, শুধুমাত্র লিখিত আবেদনের ওপর নির্ভরশীলতা জরুরি সমস্যার দ্রুত সমাধানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাদের মতে, পানির মতো মৌলিক প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
কয়েকজন শিক্ষার্থী বলেন, “বিশুদ্ধ পানি আমাদের নিত্যপ্রয়োজনীয় একটি বিষয়। বারবার জানানোর পরও যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তা আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলে।”
বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমে গতি আনা এবং কার্যকর তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
