প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পিএম
দেশে সরকারি চাকরিতে বর্তমানে চার লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন তিনি।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের হালনাগাদ তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রথম শ্রেণির কর্মকর্তা রয়েছেন এক লাখ ৯০ হাজার ৭৭৩ জন, দ্বিতীয় শ্রেণিতে ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন, তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন এবং চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৫৭ জন। এছাড়া অন্যান্য শ্রেণিতে কর্মরত রয়েছেন ৭ হাজার ৯৮০ জন।
তিনি আরও জানান, শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণিতে রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি পদ, দ্বিতীয় শ্রেণিতে এক লাখ ২৯ হাজার ১৬৬টি, তৃতীয় শ্রেণিতে এক লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং চতুর্থ শ্রেণিতে এক লাখ ১৫ হাজার ২৩৫টি পদ খালি রয়েছে। এছাড়া অন্যান্য শ্রেণিতে শূন্যপদ রয়েছে ৮ হাজার ১৩৬টি।
সরকারি বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় সেবা প্রদানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।
