বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

অনলাইন-অফলাইন সমন্বয়ে স্কুল শিক্ষা চালুর প্রস্তুতি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম

সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধজনিত বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থা অনলাইন ও অফলাইনের সমন্বয়ে পরিচালনার সম্ভাবনা যাচাই করছে সরকার। সপ্তাহে ছয় দিন ক্লাস চালানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুল, বিশেষ করে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এই সমন্বিত বা ব্লেন্ডেড পদ্ধতি বিবেচনা করা হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে বিকল্প পদ্ধতি নিয়ে ভাবছে সরকার।”

অনলাইন শিক্ষাকে উৎসাহিত করার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও বলেন, “এই সংকট শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, বিশ্বব্যাপী এর প্রভাব পড়েছে এবং এটি কতদিন স্থায়ী হবে তা নিশ্চিত নয়। এ কারণে স্কুলব্যবস্থাকে আংশিক অনলাইনে এনে অনলাইন ও অফলাইনের সমন্বিত পদ্ধতিতে চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস চললেও রোজার ছুটি এবং বিভিন্ন আন্দোলনের কারণে কিছু ক্লাস আওয়ার ক্ষতি হয়েছে। সেই ঘাটতি পূরণে সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর বিষয়টি ভাবা হচ্ছে।”

আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অনলাইন ও অফলাইন মিলিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে।”

এছাড়া, এই পরিকল্পনা বাস্তবায়নের আগে একটি জরিপ পরিচালনা করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, “জরিপে ৫৫ শতাংশ মানুষ অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইন ব্যবস্থায় চলে গেলে সামাজিক বিচ্ছিন্নতার আশঙ্কাও রয়েছে, যা সরকার বিবেচনায় নিচ্ছে।”

তিনি আরও জানান, “আগামী বৃহস্পতিবার কেবিনেট বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হবে। সেখানে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

Link copied!