প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১২:১০ এএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক পিএলসির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে ডিজিটাল ব্যাংকিং সুবিধা সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচিত হলো।
সমঝোতা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের নিচতলায় পূবালী ব্যাংক একটি ডিজিটাল ব্যাংকিং বুথ স্থাপন করবে। সেখানে দুটি সিআরএম (CRM) মেশিনের পাশাপাশি একটি করে আরটিডিএম (RTDM) ও কেইওএসকে (KEOSK) সিস্টেম স্থাপন করা হবে। এই সেবার আওতায় শিক্ষার্থীরা প্রতিদিন ১৬ ঘণ্টা অনলাইন লেনদেন সুবিধা পাবেন।
নতুন এই ব্যবস্থার ফলে শিক্ষার্থীরা সিআরএম, আরটিডিএম ও কেইওএসকে সিস্টেম, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই টিউশন ফি ও অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন। এতে করে ব্যাংকের কাউন্টারে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। পাশাপাশি সকল লেনদেন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকায় শিক্ষার্থীরা যেকোনো সময় তাদের পেমেন্ট হিস্ট্রি দেখতে ও রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন।
এছাড়া, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক শিক্ষার্থীদের জন্য সিআরএম ডেটার ভিত্তিতে স্টুডেন্ট লোনসহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করতে পারবে বলে জানা গেছে। ফলে শিক্ষার্থীদের আর্থিক ব্যবস্থাপনা আরও সহজ ও গতিশীল হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দৈনন্দিন আর্থিক কার্যক্রমকে আরও সহজতর করবে এবং ক্যাম্পাসে আধুনিক সেবা ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত ২ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং পূবালী ব্যাংক পিএলসির পক্ষে মদুনাঘাট শাখার ব্যবস্থাপক রশিদুল হাসান ভুঁইয়া সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, উপ-পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু মোয়াজ্জেম হোসাইন ও অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম এবং সহকারী পরিচালক মো. মাসুম রানা প্রামাণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
