জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম
শনিবার ০৪, এপ্রিল ২০২৬ -- : -- --
উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। ছবি : ক্যাম্পাস রিপোর্ট
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশালে জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীসহ বিভিন্ন অনুষদের ডিন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপাচার্য জানান, পাঁচটি কন্ট্রোল রুমের মাধ্যমে সামাজিক বিজ্ঞান, বাণিজ্য এবং নতুন কলা ভবনের মোট ১০৬টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “প্রতিটি কক্ষেই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রশ্নের মান ভালো হয়েছে এবং শিক্ষার্থীরাও সন্তুষ্টি প্রকাশ করেছে।”
তিনি আরও বলেন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রেও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ময়মনসিংহ ও ভালুকা থেকে পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়।
এ কেন্দ্রে মোট ৭,০০৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬,১০৭ জন, যা উপস্থিতির হার ৮৭.১৬ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৯০০ জন।
উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল ২০২৬ তারিখে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একইদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে এ কেন্দ্রে অংশগ্রহণ করবে ১০,৩৫৩ জন পরীক্ষার্থী।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।