ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪২ পিএম
শনিবার ০৪, এপ্রিল ২০২৬ -- : -- --
উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনকে সঙ্গে নিয়ে বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন। ছবি : ক্যাম্পাস রিপোর্ট
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এ গুচ্ছ পদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে। আজ (৩ এপ্রিল ২০২৬) শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটে যবিপ্রবি কেন্দ্রে ৭,৪৩১ জন শিক্ষার্থীর আসন নির্ধারিত ছিল। এর মধ্যে প্রায় ৮৫.৪১ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসা বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের কো-অর্ডিনেটর ও বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারের মাধ্যমে রোল নম্বর, কেন্দ্র ও ভবন নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া প্রতিটি ভবনের প্রবেশমুখে নিরাপত্তা উপ-কমিটির সদস্য, বিএনসিসি, রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ব থেকেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনকে সঙ্গে নিয়ে বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন।
উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা নেওয়া হবে।