বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

রুয়েটে রিভার্স ওসমোসিস প্লান্ট চালু, মিলবে নিরাপদ পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম

অধ্যাপক ড. এইচ. এম. রাসেলের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ (রুয়েট) প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হয়েছে রিভার্স ওসমোসিস (RO) ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। দীর্ঘদিনের আয়রনযুক্ত পানির সমস্যার সমাধানে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। এর ফলে আবাসিক শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির নিশ্চয়তা মিলবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের নতুন নির্মিত চারটি আবাসিক হলে-ছাত্র হল-১, ছাত্র হল-২, ছাত্রী হল-১ (নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল) এবং ছাত্রী হল-২ ইতোমধ্যে প্লান্ট স্থাপনসহ সব কারিগরি কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি হলের ছাদে স্থাপিত এই প্লান্টগুলো চালুর মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি পরিশোধিত পানি পাবে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা।

রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের আওতায়, পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেলের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হয়। তিনি জানান, উপাচার্যের নির্দেশনায় প্রাথমিকভাবে নতুন চারটি হলে প্লান্ট চালু করা হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

রিভার্স ওসমোসিস প্রযুক্তি কীভাবে কাজ করে?
রিভার্স ওসমোসিস একটি আধুনিক পানি পরিশোধন পদ্ধতি, যেখানে বিশেষ ঝিল্লি (মেমব্রেন) ব্যবহার করে পানির ভেতরের ক্ষতিকর উপাদান, অতিরিক্ত লবণ, আয়রনসহ বিভিন্ন দূষিত পদার্থ অপসারণ করা হয়। ফলে পানি হয় স্বচ্ছ, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত।

শিক্ষার্থীদের প্রত্যাশা
শিক্ষার্থীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন। তাদের মতে, দীর্ঘদিনের পানির মানগত সমস্যার এটি একটি কার্যকর সমাধান হতে পারে। একই সঙ্গে তারা আশা করছেন, খুব দ্রুতই এই সুবিধা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হল ও একাডেমিক ভবনেও সম্প্রসারিত হবে।
Link copied!