প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১০:০৬ পিএম
চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেলে ভর্তির পরও ক্লাস শুরুর আগেই থেমে গেল হাসিন মাহতাব হিমেলের জীবন।
ডায়াবেটিসজনিত জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার ১ এপ্রিল আনুমানিক বিকেল ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন হিমেল। পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট এইচএইচএস নামক জটিলতায় ভুগছিলেন, যা ডায়াবেটিসের একটি গুরুতর অবস্থা।
২০২৫ থেকে ২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হিমেল জামালপুর মেডিকেল কলেজে ভর্তি হন। তিনি ওই প্রতিষ্ঠানের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে তার নতুন পথচলা শুরু হওয়ার আগেই জীবনযাত্রা থেমে যায়।
হিমেলের গ্রামের বাড়ি বগুড়ায়। তিনি ২০২৩ সালে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ২০২৫ সালে সরকারি শাহ সুলতান কলেজ থেকে এইচএসসি পাস করেন।
সদ্য ভর্তি হওয়া এই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডা. মিছবাহ উদদীন আহমদ এক শোকবার্তা প্রকাশ করেন।
শোক বার্তায় বলা হয়, ‘গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, জনাব মো. আবু হানিফা এবং মোছা. হাছিনা খাতুনের পুত্র জামালপুর মেডিকেল কলেজের ১২তম ব্যাচের (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী হাসিন মাহতাব হিমেল ডায়াবেটিসজনিত শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ১ এপ্রিল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মেধাবী, পরিশ্রমী ও নিবেদিত প্রাণ একজন শিক্ষার্থী ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে এক অপূরণীয় শুন্যতার সৃষ্টি হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন-আমিন।’
