প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রথম দিককার পছন্দের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। শুক্রবার (৩ এপ্রিল) গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, একাডেমিক ভবন-১, একাডেমিক ভবন-২, ভোয়াল্ল্যা ও মোনঘর কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ১৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৯৫ জন অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ৭৬৪ জন। এতে উপস্থিতির হার দাঁড়ায় ৬৩ দশমিক ৯৩ শতাংশ।
পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ জুনাইদ কবির, জিএসটি বি ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল পয়েন্ট, জিএসটি পরীক্ষার কো অর্ডিনেটর ও সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন।
পরিদর্শনকালে তিনি দায়িত্বরত প্রধান প্রত্যবেক্ষক, প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং ভর্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম তদারকি করেন।
পরিদর্শন শেষে পরীক্ষা পরিচালনা কমিটি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা কমিটির তৎপরতা এবং পরীক্ষার্থীদের
অভিভাবকদের জন্য তথ্য ও সেবা প্রদানের ব্যবস্থাপনা সন্তোষজনক বলে মন্তব্য করেন উপাচার্য। তিনি বলেন, “আজকের এ ভর্তি পরীক্ষায় উপস্থিতি বিগত বছরগলোর তুলনায় সব ইউনিটেই বেশি, পরীক্ষার পরিবেশও চমৎকার, দায়িত্ব পালনকারী প্রত্যবেক্ষকগণ আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন। আমরা আশা করি অত্যন্ত সাবলীলভাবে ভর্তি পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হবে।”
বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা তুলে ধরে তিনি আরও বলেন, “বর্তমানে রাবিপ্রবি’তে সেশনজট শূন্যের কোটায় নামিয়ে আনতে পেরেছি। শিক্ষার জন্য শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। যে স্থাপনাগুলো নির্মিত হচ্ছে তা দ্রুতই সম্পন্ন হবে এবং তা শুধু আমাদের অবকাঠামোগত প্রয়োজন মেটাবে না এর নান্দনিকতা ও স্থাপত্যশৈলী, সবমিলিয়ে একটি ক্লাসিক এনভায়রনমেন্ট তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। রাবিপ্রবি’তে চমৎকার একটা পরিবেশ রয়েছে, যেখানে কার্বন-ডাই-অক্সাইড এর লেভেল একদম কম, লেক-পাহাড়-বন আছে, ছাত্র বান্ধব পরিবেশ, শিক্ষার্থীদের নানারকম ক্লাব আছে। সবমিলিয়ে আমরা মনে করছি এ বিশ্ববিদ্যালয় আগামীর সময়ে শিক্ষার্থীদের কাছে প্রথম দিককার পছন্দের একটি বিশ্ববিদ্যালয় হবে।”
সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় উপাচার্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন অফিস, পৌরসভা প্রশাসন, পরিবহন মালিক সমিতি, হোটেল মালিক সমিতি, সিএনজি মালিক-শ্রমিক সমিতি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দূরদূরান্ত থেকে আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত ও শুভেচ্ছা জানান তিনি।
উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই দিনে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১০ এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।
