শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬

শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬ -- : -- --

বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের বি ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম

বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের বি ইউনিট ভর্তি পরীক্ষার্থীরা। ছবি: বেরোবি প্রতিনিধি

দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (০৩ এপ্রিল, ২০২৬) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর অঞ্চলের ৮টি কেন্দ্র বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করেছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কেন্দ্রে ৩ হাজার ৮৬ জন, কারমাইকেল কলেজ কেন্দ্রে ৩ হাজার ৭৭০ জন, রংপুর সরকারি কলেজ কেন্দ্রে ১ হাজার ২৮২ জন, সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ১ হাজার ২৯৮ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪ হাজার ৫৪ জন, দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৫১ জন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৬৫৬ জন এবং কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৮৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আটটি কেন্দ্রের মোট উপস্থিতির হার ৮৬.৫২ শতাংশ।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য বলেন, “২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি লাঘব হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ গুচ্ছ পদ্ধতির পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। রোযা ও জাতীয় নির্বাচনের কারণে গুচ্ছ পরীক্ষা দেরীতে অনুষ্ঠিত হলেও দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ক্লাস শুরু করা হবে।”

উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Link copied!