শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬

শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬ -- : -- --

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে ইবি কেন্দ্রে উপস্থিতি ৮৭ শতাংশ

ইবি থেকে বিপ্লব হোসেন

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে ইবি কেন্দ্রে উপস্থিতি ৮৭ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (৩ এপ্রিল) সম্পন্ন হয়েছে। ৯ হাজার ১৩৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৯২৯ জন। উপস্থিতির হার ছিল ৮৬.৮২ শতাংশ। পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ছাত্র সংগঠনের বসানো হেল্প ডেস্ক ও স্টল পরিদর্শন করেন। পরে তিনি মীর মশাররফ একাডেমিক ভবনের পরীক্ষা-কক্ষগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ইবি কেন্দ্রের সমন্বয়কারী ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. নাজিমুদ্দিন।

মোট গুচ্ছ পদ্ধতিতে এবার ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা) ২৫ হাজার ২১৬ জন আবেদন করেছেন।

পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ, র‌্যাবের টহল দল ও আনসার সদস্য মোতায়েন ছিলেন। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপ সক্রিয় ছিল। প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। মেইন গেটের সামনে দুই পাশে স্থাপিত ছাত্র সংগঠনগুলোর স্টল থেকেও শিক্ষার্থীদের জন্য সেবা দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Link copied!