প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০১:২৪ পিএম
চলতি জুন মাসের প্রথম ১০ দিনেই দেশে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এতে দৈনিক গড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ কোটি ৩ লাখ ডলারের বেশি, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শুক্রবার (১২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, “চলতি জুন মাসের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৯৫ কোটি ৬১ লাখ ৯০ হাজার ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৩৯৫ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে ১৯ দশমিক ৩১ শতাংশ।
