শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬

শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬ -- : -- --

জ্বালানি সংকটে সরকারের ৭ সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ এএম

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে অফিস সময় কমানো, সন্ধ্যার মধ্যে দোকান বন্ধ রাখা এবং ইলেকট্রিক বাস চালুর মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে সিদ্ধান্তগুলো তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

সরকারের নেওয়া ৭ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১. অফিস ও ব্যাংকের সময়সূচি পরিবর্তন
আগামী কার্যদিবস থেকে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে, যা পূর্বের তুলনায় এক ঘণ্টা কম। ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন করবে, তবে আনুষঙ্গিক কার্যক্রম শেষে বিকেল ৪টায় বন্ধ হবে।

২. বাজার ও শপিংমল বন্ধের নির্দেশনা
জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সব দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, ওষুধ ও খাবারের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে। বিষয়টি মনিটর করবে বাণিজ্য মন্ত্রণালয়।

৩. শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে পৃথক নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত হয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

৪. ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন
জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাস সরকারি নতুন যানবাহন ও কম্পিউটার কেনা বন্ধ থাকবে। বিদেশ সফর ও অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ স্থগিত এবং সভা-সেমিনারের আপ্যায়ন খরচও অর্ধেকে নামানো হয়েছে।

৫. আলোকসজ্জায় নিষেধাজ্ঞা
জ্বালানি সংকটের কারণে বেসরকারি বিয়ে বা উৎসব-অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে।

৬. আইন সংশোধন
‘পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে, যার মাধ্যমে পাবলিক পরীক্ষায় অপরাধের বিচার আরও কঠোর করা হবে।

৭. জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প উৎস হিসেবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Link copied!