শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬

শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬ -- : -- --

কিউএস বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিং এ এনএসইউ’র সাফল্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিং ২০২৬-এ একাধিক বিষয়ে উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়(এনএসইউ)। এই অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের উচ্চশিক্ষা অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান আরও সুদৃঢ় করেছে।

র‍্যাঙ্কিং অনুযায়ী, ইকোনমিকস অ্যান্ড ইকোনমেট্রিকস বিষয়ে এনএসইউ বিশ্বে ৩০১–৩৫০ ব্যান্ডে অবস্থান পেয়েছে, যা এ বিষয়ে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে প্রতিষ্ঠানটি ৩৫১–৪০০ ব্যান্ডে এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ৪০১–৪৫০ ব্যান্ডে স্থান অর্জন করেছে। উভয় ক্ষেত্রেই এনএসইউ দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান ধরে রেখেছে।

এছাড়া সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে এনএসইউ ৪৫১–৫০০ ব্যান্ডে স্থান পেয়েছে, যা এই ক্যাটাগরিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান নিশ্চিত করেছে। অন্যদিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিষয়ে বিশ্ববিদ্যালয়টি ৫৫১–৬০০ ব্যান্ডে অবস্থান অর্জন করেছে, যা এ ক্ষেত্রেও দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এর অবস্থানকে আরও সুসংহত করেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হান্নান চৌধুরীর মতে,এই সাফল্য শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি আরও জানান, এনএসইউ শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে অবস্থান আরও উন্নত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে।

Link copied!