বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬ -- : -- --

তেল ব্যবসায়ীর হামলায় ছাত্রদলের দুই নেতা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০২:২৯ এএম

লক্ষ্মীপুরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে প্রতিবাদ জানাতে গিয়ে ছাত্রদলের দুই নেতা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা গণমাধ্যমের কাছে ঘটনার বর্ণনা দেন।

আহতরা হলেন দালাল বাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমন এবং উত্তর হামছাদি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন হোসেন রুদ্র। বর্তমানে তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের অভিযোগ, বেলা ১১টার দিকে ইমন দালাল বাজারে একটি তেলের দোকানে জ্বালানি কিনতে যান। সেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ১৩০ থেকে ১৪০ টাকা রাখা হচ্ছে জানতে পেরে তিনি বিষয়টি নিয়ে দোকানদারের সঙ্গে কথা বলেন। সরকারি নির্ধারিত মূল্য ১১৬ টাকা উল্লেখ করে আপত্তি জানানোর একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে দোকানদার তোফায়েল আহমেদের ছেলে জিহাদ ও তার সহযোগীরা এসে ইমনকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে আল-আমীন হোসেন রুদ্রও হামলার শিকার হন। এ সময় তাদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদলের সদস্য সচিব মো. মিজানুর রহমান মিজান বলেন, অতিরিক্ত দামে তেল বিক্রির প্রতিবাদ করায় ইমনকে মারধর করা হয়েছে। পরে রুদ্র গেলে তাকেও হামলার শিকার হতে হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে দোকানদার তোফায়েলের ছেলে জিহাদ বলেন, ইমনকে মারধরের বিষয়টি সত্য নয়। তাদের দাবি, তারা নিয়ম অনুযায়ী তেল বিক্রি করছেন এবং ইমন দোকানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। উত্তেজিত জনতা কোনো কিছু করেছে কি না, সে বিষয়ে তাদের জানা নেই।

দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় একটি বৈঠক চলাকালে ফোন পেয়ে বিষয়টি জানতে পারেন। পরে গ্রাম পুলিশ সদস্যদের পাঠিয়ে একজনকে উদ্ধার করা হয় এবং বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, এখনো পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Link copied!