বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় তানভীর আহমেদ মেরাজ (২২) নামে এক ছাত্রনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (সকাল সাড়ে ৭টা) একটি ভাড়া বাসার চতুর্থ তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেরাজ সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন এবং কাউতলী পূর্বপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজ কক্ষে অবস্থান করছিলেন মেরাজ। সকালে তাকে সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তারা।

ঘটনাস্থল থেকে একটি লিখিত বার্তা উদ্ধার করা হয়েছে, যা দেয়ালে লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ। বার্তায় নিজের ইচ্ছায় জীবন শেষ করার কথা উল্লেখের পাশাপাশি সবার কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে।

পরে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Link copied!