প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০২:২২ এএম
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর একটি ক্যান্টিনে বসাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের বাংলা টিফিন ক্যান্টিনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তৌফিকুল ইসলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা যায়, তিনি এক বন্ধুকে সঙ্গে নিয়ে ক্যান্টিনে খাবার খেতে যান। এ সময় কয়েকজন অপরিচিত ব্যক্তি এসে তাদের বসার জায়গা ছেড়ে দিতে বলেন। তবে তিনি জায়গা না ছেড়ে পাশে বসার প্রস্তাব দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, তিন থেকে চারজন শিক্ষার্থী মিলে তৌফিকুল ইসলামকে মারধর করে আহত করেন।
ভুক্তভোগী তৌফিকুল ইসলাম বলেন, "আমি ও আমার এক বন্ধু খাবার খেতে বাংলা টিফিনে যাই। হাত ধুয়ে এসে খেতে বসলে কয়েকজন অপরিচিত ব্যক্তি আমাদের জায়গা ছেড়ে দিতে বলে। আমি তাদের পাশে বসতে বললে তারা আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে কয়েকজন মিলে আমাকে মারধর করে।"
ঘটনার বিষয়ে বাংলা টিফিন ক্যান্টিনের ম্যানেজার বিশ্বজিৎ বলেন, "সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মাঝে কথা-কাটাকাটির জেরে হাতাহাতি হয়। এসময় আমি বাইরে ছিলাম। এসে দেখি তারা চলে গেছে। এধরণের বিষয় অনাকাঙ্ক্ষিত, এমন ঘটনা আমাদের ক্যান্টিনে কখনো ঘটেনি।"
এ বিষয়ে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক এইচএম মনজুর মোর্শেদ বলেন, "এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা ইতিমধ্যে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
