প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০১:২৮ এএম
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আগামী এপ্রিল মাসেই প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন সূত্র জানিয়েছে, এপ্রিলের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, একটি বিসিএস পরীক্ষার পুরো প্রক্রিয়া এক বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করে কমিশন কাজ করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ৪৭তম বিসিএসের কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে একই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পূর্বনির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করে পিএসসি। সেই ধারাবাহিকতা বজায় রেখে লিখিত পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। দেশের আটটি বিভাগীয় শহর—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী।
এর আগে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষে মাত্র ৯ দিনের মধ্যে, ২৮ সেপ্টেম্বর ফল প্রকাশ করে নতুন রেকর্ড গড়েছিল পিএসসি।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ায় ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে।
পিএসসির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, প্রতিবছর নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরবর্তী বছরের অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য রয়েছে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
