প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম
তথ্য প্রযুক্তি খাতে কৃত্তিম বুদ্ধিমত্তাবিষয়ক গবেষণায় সহযোগিতার জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২ কোটি ৩৫ লাখ টাকার বরাদ্দ পেয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌকির আহমেদ প্রধান গবেষক হিসেবে এ বরাদ্দ পেয়েছেন। পাবিপ্রবির ইতিহাসে এ যাবৎকালের এটিই সবচেয়ে বড় অর্থের গবেষণা প্রজেক্ট।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজ মঙ্গলবার (২০ জানাুয়ারি, ২০২৬) এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বৃদ্ধিসহ চারখাতে গবেষণা পরিচালনার জন্য ১২ বিশ্ববিদ্যালয়কে ৩৮.২১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল ও প্রধান গবেষক ড. মো. তৌকির আহমেদ।
ইউজিসি বাস্তবায়নাধীন ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি)’ প্রকল্পের আওতায় ‘গবেষণা ও উন্নয়ন অনুদান’ উপখাতে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
এ উপলক্ষে ইউজিসিতে আজ একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে স্বাক্ষর করেন ইউজিসি সচিব, অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রধান গবেষক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।
গবেষকগণ তথ্যপ্রযুক্তি খাতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি, আন্তবিশ্ববিদ্যালয় গবেষণা সহযোগিতা, অত্যাধুনিক গবেষণা ও উদ্ভাবন এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য আইটি সলিউশন নিয়ে গবেষণা পরিচালনা করবেন।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুয়েট এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্রাক ইউনিভার্সিটি সবচেয়ে বেশি অনুদান পেয়েছে।আইসিএসইটিপি প্রকল্পের বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা। মোট ব্যয়ের ৮৭.৭২ শতাংশ বহন করবে এশীয় উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকার বহন করবে বাকি ১২.২৮ শতাংশ।অনুষ্ঠানে গবেষণা ও উন্নয়ন অনুদানপ্রাপ্ত গবেষক, ইউজিসি ও আইসিএসইটিইপি প্রকল্পের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারগণ উপস্থিত ছিলেন।
